14.3 C
Munich
Sunday, May 17, 2026

বরগুনায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় কঠোর অবস্থানে সরকার : ড. হাছান মাহমুদ

Must read

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বরগুনা শহরে প্রকাশ্য দিবালোকে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, এ হত্যার সঙ্গে জড়িতদের মধ্যে একজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদেরর গ্রেফতার করতে পুলিশ কাজ করে যাচ্ছে।
বর্বরোচিত এই খুনের তীব্র নিন্দা জানিয়ে ড. হাছান আরো বলেন, ওই যুবককে রক্ষা করতে আশে-পাশের মানুষ কেন এগিয়ে এল না তা আমি জানতে চাই। তার স্ত্রী যেভাবে তাকে রক্ষা করার চেষ্টা করেছে, সে সত্যিকারভাবেই সমাজে প্রশংসা পাওয়ার দাবী রাখেন।
ড. হাছান মাহমুদ আজ সকালে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনসিইটউটের সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির মিডিয়া, প্রচার ও ডকুমেন্টেশন উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
গতকাল বরগুনা শহরে প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তার স্ত্রী প্রাণপণে চেষ্টা করেও বাঁচাতে পারেননি তার স্বামীকে।
তথ্যমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ সুখে-শান্তিতে রয়েছে। তারা বর্তমান সরকারের ওপর খুশি।
তিনি বলেন, বর্তমান সরকারের গত দশ বছরে মানুষের ক্রয় ক্ষমতা শতকরা আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। সমস্ত বিশ্ব দেশের উন্নয়নের প্রশংসা করছে।
ড. হাছান আরো বলেন, বিএনপির নেতাদের গৎবাধা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তাই তারা এ ধরনের উদ্ভট ও বানোয়াট কথা বলে যাচ্ছেন।
বর্তমান সরকার ধনিক শ্রেনীর স্বার্থে কাজ করছে, বিএনপির নেতাদের এমন অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের সাধারণ জনগণের জন্য কাজ করে। আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর গত দশ বছরে দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে এসেছে।
তিনি বলেন, দেশে কুঁড়েঘর হারিয়ে গেছে, মেঠোপথ পিচঢালা সড়কে পরিণত হয়েছে। দেশের সাধারণ মানুষের জন্য সরকার কাজ না করলে এ উন্নয়ন কিভাবে সম্ভব হলো?
সভার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশেও উদযাপন করা হবে।
তিনি বলেন, এছাড়া বর্তমানে ডিজিটাল প্লাটফর্ম খুবই শক্তিশালী ও জনপ্রিয়। এ প্লাটফর্মেও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের সকল প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।
ড. হাছান মাহমুদের সভাপতিত্বে এ সভায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. রফিকুল ইসলাম, তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাছান এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক এমপি, জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্নয়ক ড. কামাল আব্দুল নাসের, তথ্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদ, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ ও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রমূখ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article