কিশোরগঞ্জ প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হাবিবুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার। বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহম্মদ, জেল সুপার মোঃ বজলুর রশিদ, প্রফেসর এম.এ গনি, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বিলকিছ বেগম, সহকারী অধ্যাপক সামিউল হক মোল্লা, মাদকবিরোধী আন্দোলন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি মিন্নাত হোসেন সজীব ও মোঃ শাহজাহান প্রমুখ।
শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


