সৃজিত মুখোপাধ্যায় এবার তাঁর ছবি ‘এক যে ছিল রাজা’র জন্য পেলেন জাতীয় পুরস্কার। এই ছবিটি বাংলার সেরা ছবি হয়েছে। তবে জাতীয় পুরস্কার বিষয়টা সৃজিতের কাছে নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকবার তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন।
‘জাতিস্মর’ ছবিটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়, ২০১৪ সালে। সেরা সঙ্গীত পরিচালনা, সেরা প্লেব্যাক (পুরুষ), সেরা মেকআপ এবং সেরা কস্টিউম ডিজাইনার বিভাগেও সম্মানিত হয়েছিল এই ছবি। এর পরের বছরই ‘চতুষ্কোণ’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছিলেন সৃজিত, সঙ্গে সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে। আর এবারেরটা মিলে হয়ে গেল জাতীয় পুরস্কারে সৃজিতের হ্যাট্রিক।
তিনি জানিয়েছেন, ” এই ছবিটা খুব কষ্ট করে বানিয়েছিলাম। যিশু সেনগুপ্ত খুব পরিশ্রম করেছে। আমাদের পরিশ্রম সার্থক হল এই পুরস্কার পেয়ে।” এই পুরস্কার প্রাপ্তি সৃজিতের কাছে সব সময় খুব আনন্দের। তবে তিনবার জাতীয় পুরস্কার পাওয়াটা সত্যিই গর্বের।


